লালমনিরহাটে ভুয়া পরীক্ষার্থীর জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
কারাদণ্ড পাওয়া ওই ভুয়া পরীক্ষার্থীর নাম মো. রুবেল হোসেন (২৫)। তিনি রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। তাঁর বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার শিবু গ্রামে। প্রকৃত পরীক্ষার্থীর নাম ইসমাইল হোসেন। তিনি লালমনিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা চলছিল। গতকাল সকালে রুবেল হোসেন মাত্র ১০ হাজার টাকার চুক্তিতে ইসমাইল হোসেনের হয়ে পরীক্ষা দিতে ওই কেন্দ্রে আসেন। তিনি ওই কেন্দ্রের যে কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন তার পরিদর্শক ছিলেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের প্রভাষক জাকির হোসাইন।
রুবেল হোসেনের আচরণে সন্দেহ হওয়ায় জাকির হোসাইন বিষয়টি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম আরা বেগমকে জানান। একপর্যায়ে ওই কেন্দ্রে কর্তব্যরত নির্বাহী হাকিম এম এম আরাফাত হোসেন সেখানে উপস্থিত হন। এ সময় রুবেল নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান। পরে নির্বাহী হাকিম আরাফাত হোসেন তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম আরা বেগম বলেন, ‘ রুবেল হোসেন ধরা পড়ায় এবং তাঁর সাজা হওয়ায় এ ধরনের অপরাধ করার আগে ভুয়া পরীক্ষার্থীরা বিষয়টি ভেবে দেখবেন বলে আমরা মনে করি। ভুয়া পরীক্ষার্থী রুবেল হোসেনকে টাকার বিনিময়ে পরীক্ষা দিতে প্ররোচিত করায় প্রকৃত পরীক্ষার্থী ইসমাইলকে বহিষ্কার করা হয়েছে।’