লালমনিরহাটে ভুয়া ওসি গ্রেপ্তার
লালমনিরহাট শহরের থানা রোডের স্বর্ণকারপট্টির একটি সোনার দোকান থেকে তিনটি সোনার চেইন নিয়ে পালিয়ে যাওয়ার সময় মো. বাবুল হোসেন ওরফে জাহাঙ্গীর বাবুল (৩৫) নামের এক ভুয়া ওসিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও সুবর্ণা জুয়েলার্স সূত্রে জানা যায়, মো. বাবুল হোসেন নিজেকে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পরিচয় দেন এবং দোকান থেকে আনুমানিক দুই ভরি ওজনের তিনটি স্বর্ণের প্যাঁচ চেইন কৌশলে পকেটে ঢুকিয়ে দোকান থেকে বাইরে চলে যান। দোকানের কর্মচারীরা টের পেয়ে দ্রুত রাস্তায় নেমে অন্যদের সহায়তায় বাটা মোড় এলাকায় তাঁকে আটক করেন। পুলিশ আটক ব্যক্তির পকেট থেকে সোনার চেইন তিনটি উদ্ধার করে।লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বাদী হয়ে মো. বাবুল হোসেনের বিরুদ্ধে শনিবার বিকেলে একটি মামলা করেছেন। বাবুল হোসেন জয়পুরহাটের গণেশপুর গ্রামের আনজের আলীর ছেলে। রোববার লালমনিরহাট আদালতে তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উদ্ধার করা সোনার চেইন তিনটি দোকানমালিকের জিম্মায় দেওয়া হয়েছে।মো. বাবুল হোসেন শনিবার সকালে রংপুর ছালেক পেট্রলপাম্প এলাকা থেকে দুই হাজার টাকায় একটি মোটরকার ভাড়া করেন। গাড়ির চালক বলেন, ‘তিনি নিজেকে রংপুর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার পরিচয় দেন এবং লালমনিরহাট থানায় জরুরি কাজ আছে বলে জানান। ওই দিন দুপুরে লালমনিরহাটে এসে তিনি সুবর্ণা জুয়েলার্সে যান এবং স্বর্ণের তিনটি চেইন এক লাখ ১৫ হাজার টাকা দামদর করেন। এ সময় তিনি দোকানের এক কর্মচারীকে গাড়ির চালকের সঙ্গে মিষ্টি আনতে পাঠান এবং দোকানমালিককে পানি পান করার কথা বলেন। এরই একপর্যায়ে নিকটবর্তী বাটা মোড়ে থাকা তাঁর স্ত্রীকে দোকানে নিয়ে এসে চেইন দেখানোর কথা বলে রিকশাযোগে দোকান থেকে ২০০ গজ দূরে চলে যান।