লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ধাওয়া, অবরোধ
লালমনিরহাট শহরের উত্তরণ মার্কেটের দোকানমালিক ও কর্মচারীরা গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক তিন ব্যক্তিকে ছিনিয়ে নিয়েছেন। পরে তাঁরা আদালতের ম্যাজিস্ট্রেট ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন। র্যাবের চার সদস্য পৌরসভা কার্যালয়ে আশ্রয় নিলে সেখানে তাঁদের প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে লোকজন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জিলাল হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুর আড়াইটার দিকে উত্তরণ মার্কেটে অভিযান চালান। আদালত মার্কেটের জাহিন ফ্যাশনে গেলে দেখতে পান তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি এবং ব্যবসার প্রয়োজনীয় কাগজ ছিল না। আদালত জরিমানা করার উদ্যোগ নিলে দোকানমালিক সোহেল এবং কর্মচারী জুয়েল ও কানুন ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁরা কোনো ভ্রাম্যমাণ আদালত মানবেন না বলে জানান। সরকারি কাজে বাধা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে র্যাব দোকানমালিক সোহেল, কর্মচারী জুয়েল ও কানুনকে আটক করে গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় মার্কেটের অন্য দোকানের মালিক ও কর্মচারীরা র্যাবের ওপর চড়াও হয়ে আটক তিনজনকে ছিনিয়ে নেন। র্যাব বাধা দিলে দোকানমালিক ও কর্মচারীরা দোকানপাট বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ধাওয়া করেন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট জিলালসহ কিছু র্যাব সদস্যসহ ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে উঠতে না পেরে র্যাব-৫-এ কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীমা পারভীনসহ র্যাবের চার সদস্য কাছের লালমনিরহাট পৌরসভা কার্যালয়ের একটি কক্ষে আশ্রয় নেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা ব্যবসায়ীদের হয়রানি ও অহেতুক জরিমানা করছেন—এমন খবর ছড়ালে উত্তরণ মার্কেটের দোকানমালিক ও কর্মচারীসহ পাঁচ শতাধিক লোক পৌর কার্যালয়ে র্যাব সদস্যদের প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও উত্তরণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান পৌর কার্যালয়ে যান। পৌরসভার সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা যৌথ বৈঠক করেন। বৈঠক শেষে ব্যবসায়ী নেতা মুকছেদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কাল (সোমবার) আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবার বৈঠক করব। তখনই আপনারা ঘটনা শুনতে পাবেন।’ এর বাইরে তিনি কিছু বলেননি। বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ধাওয়া ও অবরোধের ঘটনায় র্যাব কর্মকর্তা শামীমা পারভীন প্রথম আলোকে বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিবিরোধী উচ্ছৃঙ্খল ব্যবসায়ী ও লোকজন বেআইনিভাবে তাঁদের সরকারি কাজে বাধা দেয়। ম্যাজিস্ট্রেট মো. জিলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা ক্রেতাসাধারণের স্বার্থ রক্ষায় পৌরসভা অধ্যাদেশ অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানের বৈধ কাগজপত্রসহ অন্যান্য বিষয় তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। এ সময় আইনের শাসনবিরোধী ও যেকোনো উপায়ে মুনাফা প্রত্যাশী একশ্রেণীর ব্যবসায়ী আমাদের ওপর হামলা চালায়, ধাওয়া করে এবং আটক তিনজনকে ছিনতাই করে।’ ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।