লালমনিরহাটে মঙ্গলবার হরতাল ডেকেছে জামায়াত
লালমনিরহাটের পাটগ্রামে আজ রোববার সকালে পুলিশের গুলিতে জামায়াত ও শিবিরের তিনজন নেতা-কর্মী নিহত হওয়ার দাবি করেছে জেলা জামায়াতে ইসলামী। এ কারণে জামায়াত ১৭ ডিসেম্বর মঙ্গলবার লালমনিরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
আজ রোববার বিকেলে জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির মো. আবদুল বাতেন জেলায় কর্মরত সাংবাদিকদের কাছে মুঠোফোনে বিষয়টি অবহিত করেছেন। তিনি বলেন, ‘পাটগ্রামে পুলিশের গুলিতে জামায়াত ও শিবিরের তিনজন নেতা-কর্মী শহীদ হওয়ার প্রতিবাদে আগামী মঙ্গলবার লালমনিরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।’
জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দেশব্যাপী ডাকা হরতালের সমর্থনে আজ জামায়াত-শিবিরের কর্মীরা লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে অবস্থান নেয় এবং পাটগ্রাম উপজেলার শরেয়ার বাজার, কাফির বাজার এবং আলাউদ্দিন নগর এলাকায় পাটগ্রাম স্টেশন থেকে পার্বতীপুরগামী যাত্রীবাহী ট্রেনের পথরোধ করে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ-বিজিবি দ্রুত ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালালে পাটগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম, পাটগ্রাম পৌর ছাত্রশিবিরের সেক্রেটারি সাজু মিয়া ও জামায়াতের কর্মী আবদুর রহিম নিহত হন।