লালমনিরহাটে মাটির স্বাস্থ্য পরীক্ষা
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের উদ্যোগে জেলার কৃষকদের ফসলি জমির মাটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার তিস্তার উপজেলার আটটি ইউনিয়নের ১১৫ জন কৃষকের জমির মাটি পরীক্ষা করে সার প্রয়োগের সুপারিশ করে কার্ড দেয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফসলি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করার ফলে মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। মাটিতে প্রয়োজনীয় কোনো সার কী পরিমাণে লাগবে, তা নির্ণয় করতে ওই পরীক্ষার আয়োজন করা হয়।
ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার তিস্তার বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম বলেন, ‘অধিকাংশ কৃষক বেশি ফলনের আশায় ফসলের জমিতে অতিরিক্ত সার ব্যবহার করেন। আমরা এখানকার কৃষকদের মাটির স্বাস্থ্য পরীক্ষা করে কোনো ফসল চাষাবাদে কী
পরিমাণ সার প্রয়োগ করতে হবে, তার তালিকা/চাট তৈরি করে দিয়েছি।’
সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকার কৃষক নজরুল ইসলামের (৪৮) কাছে মাটির স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আগে এই বিষয়ে তেমন কিছু জানতাম না বা ধারণ ছিল না। তারা একটা কার্ড দিয়েছেন, যেখানে সারের ডোজ/পরিমাণ লেখা আছে। এখন কার্ড দেখে জমিতে পরিমাণমতো সার দেব।’
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘কৃষকেরা অধিকাংশ সময় জমিতে অতিরিক্ত সার ব্যবহার করেন। এতে একদিকে জমির উর্বরতা কমে যায় অন্যদিকে কৃষকের ফসল চাষে আর্থিক খরচ বাড়ে। তাই আমরা কৃষকের জমির মাটি পরীক্ষার ওই আয়োজন করেছি।’