লালমনিরহাটে মাত্র ২৪ সদস্য দিয়ে চলছে রেলওয়ে থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমাঞ্চল রেলওয়েতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা (রেড অ্যালার্ট)। কিন্তু তার পরও লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতায় থাকা বিভিন্ন পথে প্রায়ই নাশকতার ঘটনা ঘটছে। হরতাল-অবরোধকারীদের হামলার প্রধান লক্ষ্যবস্তুতে যেন পরিণত হয়েছে রেলপথ। অথচ অপ্রতুল লোকসংকটের কারণে এ রেলপথে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাসে দুই দফায় ৬০ ও ৮৪ ঘণ্টা হরতাল এবং সর্বশেষ ৭২ ঘণ্টার অবরোধে শুধু লালমনিরহাট রেলপথেই ছোট-বড় মিলিয়ে আটটি নাশকতার ঘটনা ঘটেছে। এসব নাশকতা ঠেকাতে ও আবার রেল যোগাযোগ স্বাভাবিক করতে একদিকে রেল বিভাগ
যেমন হিমশিম খাচ্ছে, তেমনি সাধারণ যাত্রীরা পোহাচ্ছে দুর্ভোগ আর আতঙ্ক।
রেল সূত্রমতে, লালমনিরহাট রেল বিভাগসহ পশ্চিমাঞ্চল রেলওয়েতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ সপ্তাহ তিনেক আগে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ সতর্কতা জারি করে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী কমান্ড্যান্ট শাহজাহান সরকার সম্প্রতি এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যেকোনো সময় নাশকতা হতে পারে। তাই আমরা নিরাপত্তা জোরদার করেছি।’
সূত্রমতে, লালমনিরহাট রেল বিভাগের অধীনে বুড়িমারী থেকে লালমনিরহাট, লালমনিরহাট থেকে রমনা বাজার (কুড়িগ্রাম) এবং লালমনিরহাট থেকে পার্বতীপুর আউটার পর্যন্ত ২৮৬ কিলোমিটার দীর্ঘ রেলপথ রয়েছে। ছোট-বড় মিলিয়ে স্টেশন রয়েছে ৩২টি। অথচ এ দীর্ঘ রেলপথ রক্ষায় কর্মকর্তা-কর্মচারীসহ মাত্র ২৪ জন রেলওয়ে পুলিশ আছেন।
লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) ওসি সামছুল আলম বলেন, ‘অপ্রতুল লোকজন নিয়েও আমরা নাশকতা রোধের চেষ্টা করছি। সারা রাত বিভিন্ন পথে পাইলট ট্রেন চলে। রেল পুলিশের বাইরেও বর্তমানে বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশ ও রেলওয়ের খালাসিরা রেললাইন পাহারা দিচ্ছেন। এ ছাড়া আছে পুলিশ ও বিজিবি। কিন্তু তার পরও গত এক মাসে নাশকতার ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় ছয়টি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ২৩ জন। এদের অধিকাংশই জামায়াত-শিবিরের লোকজন।’
লালমনিরহাট রেল বিভাগের সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, বারবার রেললাইনে এ ধরনের হামলা দুঃখজনক। এটা বন্ধ হওয়া দরকার।