লালমনিরহাটে মাদকবিরোধী শোভাযাত্রা
লালমনিরহাট শহরে গতকাল বুধবার সকালে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটদের মাদকবিরোধী শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট সরকারি কলেজ থেকে বেলা ১১টায় শোভাযাত্রাটি বের হয়ে শহরের মিশন মোড়, মোগলহাট রেলগেট, গোশালা বাজার, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল হয়ে লালমনিরহাট মিলিটারি ফার্মে গিয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
এ সময় শহরের মিশন মোড় চত্বর, মোগলহাট রেলগেট, গোশালা বাজার, রেলওয়ে স্টেশন, রিকশা স্ট্যান্ড ও বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির অংশ হিসেবে বিএনসিসি এবং বাংলাদেশ পিস ফাউন্ডেশনের উদ্যোগে যৌথভাবে প্রকাশিত ‘মাদকাসক্তি একটি মরণ ব্যাধি’ শিরোনামে মাদকের কুফল ও মাদকাসক্তি প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।
২ মহাস্থান ব্যাটালিয়ন বিএনসিসির ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মেজর হারুন-অর-রশীদ বলেন, লালমনিরহাট সরকারি কলেজে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় বার্ষিক প্রশিক্ষণ অনুশীলন-২০১৫-এর অংশ হিসেবে লালমনিরহাট শহরে মাদকবিরোধী শোভাযাত্রা, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। ১৪ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ অনুশীলন শেষ হবে।
রংপুর বিভাগের চারটি জেলার ১৮টি স্কুল ও কলেজের ১১৩ জন ছাত্র ও ৪৭ জন ছাত্রী বিএনসিসি ক্যাডেট হিসেবে এসব কর্মসূচি ও প্রশিক্ষণ অনুশীলনে অংশ গ্রহণ করে।