জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা লিখে তা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাদ্রাসার শিক্ষক মো. আশরাফুজ্জামান মণ্ডলের বিরুদ্ধে গত মঙ্গলবার লালমনিরহাট সদর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। লালমনিরহাট জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. তন্ময় আহমেদ ওই মামলা করেন।
আশরাফুজ্জামান জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
মামলায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এরশাদ হোসেন, লালমনিরহাট পৌর যুবলীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাহাবুব হাসান, যুবলীগের কর্মী তাপস চন্দ্র রায়সহ চারজনকে সাক্ষী করা হয়েছে।
তন্ময় আহমেদ বলেন, ‘ফেসবুকে গত ২৭ মার্চ আমি বঙ্গবন্ধুকে নিয়ে ওই ব্যঙ্গাত্মক কবিতাটি দেখতে পাই। কবিতাটি লিখে ও প্রচার করে বঙ্গবন্ধুকে আশরাফুজ্জামান মণ্ডল অপমান করেছেন। এ কারণে আমি মামলাটি করেছি।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবি আশরাফ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি ও গল্পকার ফেরদৌসী বেগম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন মজিবর রহমান, জেলা বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলামও বঙ্গবন্ধুকে নিয়ে ওই ব্যঙ্গাত্মক কবিতা লেখায় নিন্দা জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মো. আশরাফুজ্জামান মণ্ডল বলেন, কবিতাটি রংপুর অঞ্চলের প্রচলিত ভাষায় রচিত। তিনি বঙ্গবন্ধুকে হেয় করার জন্য কবিতাটি লেখেননি বলে দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় গত মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।