লালমনিরহাটে মার্কিন রাষ্ট্রদূতের অন্য রকম সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতসন্ধ্যায় সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সৌজন্যে এ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো
সংগীতসন্ধ্যায় সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সৌজন্যে এ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো

লালমনিরহাটে অন্য রকম সন্ধ্যা কাটিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ শুক্রবার লোকসংগীতচর্চা ও গবেষণা প্রতিষ্ঠান আরশীনগর বাংলাদেশ আয়োজিত এক সংগীতসন্ধ্যায় সংগঠনের বাউল, শিশু ও অন্যান্য শিল্পীদের পরিবেশিত বিভিন্ন লোকসংগীত ও লালনের গান শুনে মুগ্ধ হন তিনি।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৪৫ মিনিটের জন্য লালমনিরহাট জেলা শহরের এলজিইডি রোডের আরশীনগর বাংলাদেশ কার্যালয়ে গিয়েছিলেন মজীনা। কিন্তু শেষ পর্যন্ত সেখানে তিনি দেড় ঘণ্টা সময় কাটান। তাঁর দূতাবাসের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাদের বারবার তাগিদ সত্ত্বেও তিনি একের পর এক গান শুনে যান। বিশেষ করে দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের যৌথ পরিবেশনা তাঁকে বিমোহিত করেছে বলে তিনি মন্তব্য করেন। এ সময় সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার সময় আরশীনগরের নির্বাহী পরিচালক বাদশা আলমকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।

সংগীতসন্ধ্যায় মজীনার সঙ্গে ইউএসএআইডি বাংলাদেশ মিশন ডাইরেক্টর জানিনা জেরুজালেস্কি, মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা, লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। সংগীতসন্ধ্যা পরিচালনা করেন আরশীনগরের নির্বাহী পরিচালক বাদশা আলম।
আরশীনগর বাংলাদেশ কার্যালয়ে অবস্থানের সময় প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব প্রথম আলোতে লালমনিরহাট ও প্রথম আলোতে সবুজ ও লালমনিরহাট জেলা জাদুঘর শিরোনামে প্রকাশিত দুটি সংবাদ সংকলন গ্রন্থ মজীনার হাতে তুলে দেন। এ জন্য মজীনা তাঁকে ধন্যবাদ জানান।
এর আগে বিকেল পাঁচটার দিকে লালমনিরহাট জেলার সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন জেলা শহরের পুরান বাজারে পাশাপাশি থাকা মসজিদ ও কালীবাড়ী মন্দির পরিদর্শন করেন মজীনা। এ সময় তিনি মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি, মন্দিরের পুরোহিত ও মন্দির কমিটির সভাপতির সঙ্গে দেখা করেন। এ সময় পাশাপাশি মসজিদ ও মন্দির থাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তিনি জানতে চান। পরে মসজিদ ও মন্দিরের ইমাম ও পুরোহিত তাঁকে জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার কোনো ঘটনা কখনোই ঘটেনি। বরং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এরপর তিনি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) এবং খ্রিষ্টান সম্প্রদায়ের গির্জা পরিদর্শন করেন।
এর আগে তিনি দুপুরে লালমনিরহাট জেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গোরপোতা ছিটমহল, তিনবিঘা করিডোর এবং বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি সকালে লালমনিরহাট সার্কিট হাউসে জেলা প্রশাসক হাবিবুর রহমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।