লালমনিরহাটে মিলিটারি ফার্মের জায়গা দখলের অভিযোগে মামলা
লালমনিরহাট বিমানবন্দরের (পরিত্যক্ত) আওতাধীন মিলিটারি ফার্মের ৪০ একর জমি অবৈধভাবে দখল ও চাষাবাদের চেষ্টার অভিযোগে গত শনিবার মামলা হয়েছে। লালমনিরহাট সদর থানায় করা এ মামলায় নয়জনকে মদদদাতা উল্লেখ করে আরও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মিলিটারি ফার্মের নিরাপত্তা তত্ত্বাবধায়ক খন্দকার আনিছুর ইসলাম এ মামলা করেন। মামলায় যাঁদের মদদদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন: স্থানীয় বড়দরগা গ্রামের মো. খলিলুর রহমান, হলদিটারী গ্রামের মো. হযরত আলী, মো. মানিক, মো. দুলাল, কলেজ বাজার এলাকার মো. আবদুস ছাত্তার, খামারহারাটি গ্রামের মো. ওয়াজেদ আলী, বরন্তর এলাকার মো. আবুবক্কর সিদ্দিক, আবদুর রশীদ মাস্টার ও ট্রাক্টর-চালক মো. জামাল। মামলায় উল্লেখ করা হয়, তাঁদের মদদে প্রায় ৪০০ লোক অবৈধভাবে মিলিটারি ফার্মের জমিতে প্রবেশ করে তা দখলের চেষ্টা ও চাষ শুরু করে। এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, লালমনিরহাট বিমানবন্দরের জমির পরিমাণ প্রায় এক হাজার ১০০ একর। এর মধ্যে সেনাবাহিনীর আওতাধীন কিছু জমি রয়েছে। সে জমিতে লালমনিরহাট মিলিটারি ফার্ম গড়ে ওঠে। সেই ফার্মের বরন্তর, হলদিটারী এবং কলেজ বাজার এলাকার ৪০ একর জমিতে শনিবার বেলা পৌনে ১১টার দিকে ওই তিন এলাকার লোকজন চারটি ট্রাক্টর নিয়ে ঢুকে চাষ ও জমি দখলের চেষ্টা চালায়। বিষয়টি মিলিটারি ফার্ম কর্তৃপক্ষ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানায়। এর পরিপ্রেক্ষিতে দুপুর ১২টা নাগাদ লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক শাহাদতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তাঁরা এ চাষকাজ বন্ধ করে দেন। দুপুরের পর পুলিশ চলে যাওয়ার পর তাঁরা আবার আরও দুটি ট্রাক্টর এনে মোট ছয়টি ট্রাক্টর দিয়ে ওই জমিতে চাষ শুরু করেন। এ ঘটনায় রাতে ফার্ম কর্তৃপক্ষ থানায় মামলা করে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান সাংবাদিকদের কাছে মামলার বিষয়টি নিশ্চিত করে এর বাইরে কিছু বলতে রাজি হননি। মামলায় যাঁদের মদদদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, তাঁরা পলাতক রয়েছেন।