লালমনিরহাটে রেললাইনে নাশকতা, ট্রেন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটে হাতীবান্ধায় রেললাইন কেটে রেখেছে দুর্বৃত্তরা ষ ছবি: ফোকাস বাংলা
লালমনিরহাটে হাতীবান্ধায় রেললাইন কেটে রেখেছে দুর্বৃত্তরা ষ ছবি: ফোকাস বাংলা

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবারও দেশের অন্তত তিনটি জেলায় রেললাইনে নাশকতা চালানো হয়। লালমনিরহাটে দুটি স্থানে রেললাইনের সিসি ক্লিপ ও ফিশপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। এতে একটি স্থানে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয়। প্রায় সাড়ে ১২ ঘণ্টা সারা দেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ থাকে। চাঁদপুর ও কিশোরগঞ্জে রেললাইনে অগ্নিসংযোগ করা হয়।
লালমনিরহাট রেলবিভাগীয় সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক (এটিএস) মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে জানান, গত রোববার দিবাগত গভীর রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর ও তিস্তা রেলস্টেশনের মাঝামাঝি বুদারু বাঁশের তল এলাকায় অন্তত ৩০০ ফুট রেললাইনের সিসি ক্লিপ ও ফিশপ্লেট তুলে ফেলে দুর্বৃত্তরা। সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটমুখী ৭১৩ করতোয়া এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি রাত দুইটার দিকে ওই স্থানে লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও গতকাল বেলা আড়াইটা পর্যন্ত সারা দেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
সাজ্জাদ হোসেন আরও জানান, রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা আড়াইটার দিকে ট্রেন চলাচলের জন্য উপযোগী ঘোষণা করা হয়। এরপর ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে সকালে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী রেলপথের হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে হরতাল-সমর্থকেরা। এতে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। লালমনিরহাট রেলবিভাগীয় চিফ ট্রেন কন্ট্রোলার শহিদুল ইসলাম এ কথা জানান।
এ ছাড়া হরতালের প্রথম দিন জয়পুরহাট ও শান্তাহারে ট্রেনের বগি ভাঙচুর করা হয় এবং আগুন দেওয়া হয়।

হরতালের দ্বিতীয় দিনে গতকাল লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর রেলস্টেশনের আউটারে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয় ষ ছবি: প্রথম আলো
হরতালের দ্বিতীয় দিনে গতকাল লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর রেলস্টেশনের আউটারে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয় ষ ছবি: প্রথম আলো


হরতাল-সমর্থকেরা দুপুর ১২টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ রেলস্টেশনের প্রায় আধা কিলোমিটার দূরে চাঁদপুর-লাকসাম রেলপথের প্রায় এক কিলোমিটার এলাকায় আগুন দেয় বিএনপি ও জামায়াত-শিবির। পরে স্থানীয় ও রেলওয়ের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
হরতাল-সমর্থকেরা গতকাল বেলা পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জগামী সরারচর উপজেলার হালিমপুর রেলস্টেশনের কাছে রেললাইনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া এগারসিন্দুর ট্রেন সরারচর স্টেশনে প্রায় আধা ঘণ্টা আটকে রাখে হরতাল-সমর্থকেরা। জামালপুরের সরিষাবাড়ীতে একটি ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় এবং ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা।
ট্রেনের ইঞ্জিনে আগুন: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন এলাকায় গতকাল সকালে একটি ট্রেনের ইঞ্জিনে আকস্মিক আগুন ধরে যায়। রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানিয়েছেন, এটা কোনো নাশকতা নয়। ইঞ্জিনের কার্বন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ট্রেনের চালক ও রেলওয়ের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। নির্ধারিত সময়ের ১৫ মিনিট বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, রেলের ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি নাশকতা নয়।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ এবং লালমনিরহাট, চাঁদপুর, জামালপুর ও নারায়ণগঞ্জ প্রতিনিধি]