লালমনিরহাটে শিশু খুন
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গত রোববার দুলাল হোসেন (৭) নামের এক শিশু খুন হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার দুড়ারকুটি গ্রামের ফরিদ উদ্দিনের বাড়ির লটকন ও লিচু পাড়ার অভিযোগে প্রতিবেশী রিকশাচালক ওসমান গনির ছেলে দুলালকে ফরিদ ও তাঁর ছেলে জহির উদ্দিন কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। দুলালের লাশ উদ্ধারের পর ফরিদ পালিয়ে যান। কিন্তু এলাকাবাসী জহিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।পুলিশের জিজ্ঞাসাবাদে জহির জানান, গত রোববার তিনি ও তাঁর বাবা গরুর ঘাস কাটার বিনিময়ে ১০ টাকা দেওয়ার কথা বলে দুলালকে পার্শ্ববর্তী বত্রিশ হাজারী গ্রামের জহিরুল ইসলামের ভুট্টাখেতে নিয়ে যান। পরে দুলালের হাত ও মুখ বেঁধে কোদাল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। এ ছাড়া দুলারের মৃতদেহ ভুট্টাখেতের মাটির নিচে পুঁতে রাখা হয়। এ ব্যাপারে দুলালের মা দুলালী বেগম সদর থানায় গত সোমবার ফরিদ ও জহিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে দুলালের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।