লালমনিরহাটে শেষ হলো তাবলিগের ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা গতকাল শনিবার শেষ হয়েছে। জেলা কালেক্টরেট মাঠে গত বৃহস্পতিবার থেকে এ ইজতেমা শুরু হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে শুরু হয়ে ১০ মিনিটের আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন রংপুর বিভাগের ৮ জেলার অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি। তাবলিগ জামাতের আমির ও কাকরাইল মসজিদের পেশ ইমাম জুবায়ের হাসান এ আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ সময় মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা প্রাঙ্গণ।
লালমনিরহাট পৌরসভার মেয়র মো. রিয়াজুল ইসলাম বলেন, মুসল্লিদের অজু ও গোসলের জন্য পৌরসভা থেকে পানির ব্যবস্থা করা হয়েছিল। এ ছাড়া পৌর কর্তৃপক্ষ ইজতেমা উপলক্ষে সব ধরনের সহযোগিতা করেছে।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, এই ইজতেমা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা ও পরামর্শে কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে এ ইজতেমা শেষ হয়েছে।