লালমনিরহাটে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৫ নেতা-কর্মীর জামিন
তিস্তা সড়ক সেতুর টোলের দরপত্র (ইজারা কোটেশন) জমা দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের করা মামলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৫ নেতা-কর্মী জামিন পেয়েছেন। গতকাল সোমবার দুপুরে উচ্চ আদালত থেকে দুই মাসের এ অন্তর্বর্তী জামিন পান তাঁরা। জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব এ খবর নিশ্চিত করেছেন।১৬ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) অফিস চত্বরে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক যুবদলের নেতা ও ঠিকাদার আফজাল হোসেনসহ ২৪ জনের নাম-পরিচয় উল্লেখসহ প্রায় আড়াই শ ব্যক্তিকে আসামি করে মামলা করেন। সদর থানায় দায়ের করা অপর মামলায় আফজাল হোসেনসহ ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়।এদিকে, টোল আদায়ের ইজারা পেয়েছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার প্রতিষ্ঠান মের্সাস শিখা এন্টারপ্রাইজ। লালমনিরহাট জেলা সড়ক ও জনপদ (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া বলেন, চার কোটি ১০ লাখ টাকা বিটমানি দিয়ে সর্বোচ্চ দরদাতা হওয়ায় প্রতিষ্ঠানটিকে এ কাজের জন্য নির্বাচন করা হয়।