লালমনিরহাটে সচেতন নাগরিক কমিটির সভাপতি লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও জেলা শহরের বানহাট্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ স্বপ্না জামান ও তাঁর ছেলেকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। গত শনিবার শহরের রেলওয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল এবং ওই কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে। বানহাট্ড কিন্ডারগার্টেনের শিক্ষক ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, শনিবার দুপুরে অনুষ্ঠান চলাকালে অধ্যক্ষ স্বপ্না জামানের নাতনি রোদেলা (৪) সোহরাওয়ার্দী মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে কয়েকটি ভেড়ার কাছে গিয়ে খেলা করছিল। স্বপ্না জামানের ছেলে সৈকত জামান সেখানে গিয়ে মুঠোফোনে রোদেলার কয়েকটি ছবি তোলে। এ সময় হাসেম আলী নামের এক ব্যক্তি ভেড়ার ঘাস খাওয়ায় বাধা সৃষ্টির অভিযোগ তুলে শিশু রোদেলাকে সরিয়ে দেয়। এতে সে ভয় পেয়ে কেঁদে ফেলে। এ নিয়ে সৈকতের সঙ্গে হাসেমের তর্ক হয়। একপর্যায়ে হাসেমের নির্দেশে স্থানীয় কিছু লোক সৈকতকে ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। দূর থেকে এ ঘটনা দেখে স্বপ্না জামান সেখানে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে সেখানে বাকপ্রতিবন্ধী ছাত্র নূর হোসেন (১৮) এগিয়ে গেলে তাঁর ওপরও হামলা চালানো হয়। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বপ্না জামান ও সৈকত ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অধ্যক্ষ স্বপ্না জামান বলেন, ‘বখাটে ও সন্ত্রাসীরা আমাকেও মারধর করে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’ এ ব্যাপারে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল ও বানহাট্ড কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ময়জুল ইসলাম বলেন, ওই ঘটনার পর রাতে জরুরি বৈঠক হয়। বৈঠকে হামলায় জড়িত ব্যক্তি ও তাদের অভিভাবকেরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। তাদের ক্ষমা করে দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন বলেন, হামলায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছিল। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে জানিয়ে কয়েকজন তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করে। পরে তাদের মুক্তি দেওয়া হয়।