লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের সদর উপজেলার দুড়াকুটি গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৫০)। তাঁর বাড়ি আদিতমারী উপজেলার বালাপুকুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে দুড়াকুটি বাজারে যাচ্ছিলেন আবদুর রহমান। এ সময় দুড়াকুটি গ্রামের গোলাম রসূলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা মেরে পাকা রাস্তায় ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। এদিকে মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান চালক ও আরোহীরা। এলাকাবাসী মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় আবদুর রহমানের ছেলে নূর আলম বাদী হয়ে শুক্রবার রাতে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন।