লালমনিরহাটে সদ্য নির্মিত দুই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
লালমনিরহাট সদর উপজেলায় সম্প্রতি বিলুপ্ত ছিটমহল ভিতরকুটি বাঁশপচাই ও আদিতমারী উপজেলার দুড়াকুটি গ্রামে সদ্য নির্মিত দুই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় লোকজন।
ভিতরকুটি বাঁশপচাইয়ে প্রস্তাবিত সালেহা সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নির্মিত শহীদ মিনারে গত শনিবার দিবাগত রাত একটায় (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় ও প্রশাসনের লোকজন। তাঁদের মধ্যে ছিলেন জেলা ও দায়রা জজ মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজুর রহমান ও ভিতরকুটি বাঁশপচাই গ্রামের প্রবীণ বাসিন্দা রমজান আলী (৭২), নজরুল ইসলাম (৬২) প্রমুখ। এই শহীদ মিনারটি তৈরি করে দিয়েছেন মো. মতিয়ার রহমান। এ ছাড়া আদিতমারীর সাপ্টিবাড়ী ইউনিয়নের ১ নম্বর দুড়াকুটি গ্রামের কদম চান বিদ্যাপীঠ চত্বরে নির্মিত শহীদ মিনারে গতকাল রোববার দুপুরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বায়ান্নর ভাষাসৈনিক কমরেড শামসুল হক, জেলা ও দায়রা জজ মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী, শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ মো. এন্তাজুর রহমান, বিদ্যাপীঠটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জাহাঙ্গীর আলম ওরফে পাগলা জাহাঙ্গীর, ইউপি সদস্য আবদুল জলিল এবং গত শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এখানে শ্রদ্ধা নিবেদন করেন চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর রবিন খান। এখানে এটি তৈরি করে দিয়েছেন মো. জাহাঙ্গীর আলম।
মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রামে শহীদ মিনার ছিল না, তাই তৈরি করে দিলাম।’