লালমনিরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সাইকেল শোভাযাত্রা

লালমনিরহাটে বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নিয়ে সাইকেল শোভাযাত্রা করে আলোকিত লালমনিরহাট নামের একটি সামাজিক সংগঠন। গতকাল দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের মুখপাত্র ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সাংসদ ও সাবেক উপমন্ত্রী জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। সংগঠনটি আগামী ২৩ মে পর্যন্ত এই সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবে বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, এসিড নিক্ষেপ, যৌতুক ও বাল্যবিবাহ, পলিথিন ব্যবহার ইত্যাদি সামাজিক অপরাধ রোধে এই শোভাযাত্রা হয়। পরে সেটি পঞ্চগ্রাম ইউনিয়ন প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী সিন্দুরমতি দীঘিতে এসে শেষ হয়।
সংগঠনের মুখপাত্র আসাদুল হাবিব দুলু বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্যই আমাদের এই আয়োজন।’