লালমনিরহাটে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহরে সন্ত্রাসী হামলায় আহত বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।রফিকুল সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদে তিনবার সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে তিনি ওই ইউনিয়ন শাখা বিএনপির প্রচার সম্পাদক ছিলেন।রফিকুলের মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সকাল ১০টা থেকে মোগলহাট সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ গিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। বেলা একটার পর ওই সড়কে যান চলাচল শুরু হয়।প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের সাকোয়া বাজারে জয়নাল আবেদীন ওরফে কালা জয়নাল তাঁর দলবল নিয়ে পেছন দিক থেকে রফিকুলকে কাঠের টুকরো দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। এলাকাবাসী রফিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টার দিকে রফিকুলের মৃত্যু হয়।একাদশ শ্রেণীতে পড়ুয়া রফিকুলের ছেলে রাশেদুল ইসলাম বলে, ‘আমরা ঘাতক জয়নালের বিচার চাই।’গতকাল সকালে পৌরসভার খোচাবাড়ী গ্রামে জয়নালের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ময়নুল ইসলাম বলেন, ‘রফিকুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অন্যতম কালা জয়নালকে ধরিয়ে দিতে ব্যক্তিগতভাবে আমি পাঁচ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছি।’