লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক (২০১৭-২০১৯) নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের ১৫ সদস্যের সবাই নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে সভাপতি পদে লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৩০২ (লালমনিরহাট-কুড়িগ্রাম)-এর সাংসদ সফুরা বেগম (রুমি) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এ কে এম শামছুল হককে পরাজিত করে বিজয়ী হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন আহমেদ। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নুরুল হুদা। এ নির্বাচনে বিজয়ী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অন্যরা হলেন নজরুল ইসলাম, মশিউর রহমান, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম (২), কানিজ ফেরদৌস আরা, আবদুর রশিদ প্রধান, আছির হক, ইয়াসমিন আরা, খোরশেদ আলম, ময়জুল ইসলাম, রুহিদাস চন্দ্র রায়, শফিকুল ইসলাম ও হুমায়ুন কবির।
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার লালমনিরহাট জেলা জজ আদালতের জেনারেল প্রসিকিউটর নুরুল ইসলাম আলম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।