লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচারে গতকাল সোমবার আরও ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। কক্সবাজারে গতকাল বিচার কার্যক্রম শুরু হয়েছে। একই দিন রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যকে অভিযোগ শোনানো হয়েছে। জয়পুরহাটে বিদ্রোহের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১০ জানুয়ারি।লালমনিরহাট: লালমনিরহাটে গঠিত বিশেষ আদালতে মোট ৫১ জন সাক্ষীর মধ্যে গত দুই দিনে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হলো। গতকাল মো. শাহাদৎ হোসেন নামে একজন সেপাই আদালতে লিখিতভাবে দোষ স্বীকার করেছেন। এর আগের দিন দোষ স্বীকার করেন ১৬ জন।গতকাল বিচারকাজ চলার সময় দুপুর দেড়টার দিকে কমরউদ্দিন নামে এক সেপাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আদালতকক্ষের বাইরে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর তাঁকে আবার আদালতে নেওয়া হয়। ২৪ আসামির সবাই গতকাল আদালতে উপস্থিত ছিলেন। আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।কক্সবাজার: কক্সবাজারে ১৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচার কার্যক্রম বিশেষ আদালত-১৬তে গতকাল সকাল ১০টায় শুরু হয়। এতে সভাপতির দায়িত্ব পালন করেন কর্নেল মো. বশিরুল ইসলাম। ১৭ রাইফেল ব্যাটালিয়নের জেসিও সুবেদার মো. শহিদুর রহমান আদালতে অভিযোগ উত্থাপন করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত ৭১ জনকে আগামী ১০ নভেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেন। এরপর ১০ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।রাঙামাটি: রাঙামাটিতে বিশেষ আদালত-১৫তে ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যকে হাজির করে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ শোনানো হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান। ১৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান তাঁর ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনার বর্ণনা দেন এবং আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। তিনি আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান। এরপর আগামী ১৯ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করে ওই দিন পর্যন্ত আদালত মুলতবি করা হয়।জয়পুরহাট: জয়পুরহাটের ৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় পুলিশের দায়ের করা মামলাটি গতকাল আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি) জানান, রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় আগামী ১০ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন জেলা ও দায়রা জজ আদালত। আদালত সূত্রে জানা গেছে, বিডিআর বিদ্রোহের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ২০০৯ সালের ১১ মে মামলা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক। এই মামলায় বিডিআরের ২০ সদস্যকে আসামি করা হয়। আসামিদের সবাই বর্তমানে জয়পুরহাট জেলা কারাগারে আটক আছেন। তাঁদের মধ্যে ১৯ জনকে গতকাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। অসুস্থ থাকায় আক্তারুজ্জামান নামে এক বিডিআর সদস্যকে আদালতে নেওয়া সম্ভব হয়নি।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি ও কক্সবাজার এবং লালমনিরহাট ও জয়পুরহাট প্রতিনিধি]