লালমনিরহাটে সিভিল সার্জনের ঘুষ নেওয়ার মামলার বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের সিভিল সার্জন মো. আবদুস ছোবহানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. খায়রুল হুদা ও অভিযোগকারী আসাদুজ্জামানকে গত মঙ্গলবার একাধিকবার টেলিফোন ও মুঠোফোনে প্রাণনাশের এ হুমকি দেওয়া হয়।এদিকে জেলার মুখ্য বিচারিক হাকিম আবুল মনসুর মো. জিয়াউল হকের আদালত থেকে সিভিল সার্জনকে দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ মাহাতাব উদ্দিনের আদালতে রিভিউ পিটিশনটি করেন দুদকের আইনজীবী মশিউর রহমান। আদালত পিটিশনটি গ্রহণ করে আগামী ২৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন।এ ব্যাপারে মামলার বাদী দুদক কর্মকর্তা মো. খায়রুল হুদা প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার একাধিকবার আমার অফিসে টেলিফোন করে সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে বলা হয়। নয়তো চোখ তুলে ফেলা, পা কেটে ফেলা, প্রয়োজনে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।’দুর্নীতির অভিযোগকারী আসাদুজ্জামান বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে ০১৭১৮৬১৬০৩৯ নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। থানার লোক পরিচয় দিয়ে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি মামলার বাদীকে জানিয়েছি। প্রধান আসামি সিভিল সার্জন জামিন পাওয়ায় বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি।’গত রোববার আসাদুজ্জামানের কাছ থেকে নিজ কার্যালয়ে ঘুষ নেওয়ার অভিযোগে সিভিল সার্জনসহ দুজনকে গ্রেপ্তার করেছেন র্যাব ও দুদকের কর্মকর্তারা। এ ঘটনায় দায়ের করা মামলায় গত সোমবার সিভিল সার্জন জামিন পান।