লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত বুধবার সন্ধ্যায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত শনিবার মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি জাকির হোসেন পলাতক। তবে জাকিরের বাবাকে গ্রেপ্তার করে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গতকাল হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্কুলছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার তার বাবা-মা নানার বাড়িতে বেড়াতে যান। সেই সুযোগে ওই দিন সন্ধ্যায় প্রতিবেশী জাকির হোসেন (৩৫) তাকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যান। এতে সে অসুস্থ হয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে বাধা দেন জাকিরের বাবা ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান হোসেন। শনিবার বিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রী আবার অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসীর সহযোগিতায় তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাতীবান্ধা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।