লালমনিরহাটে স্ত্রীকে এসিড মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে মামলা
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে এক গৃহবধূর মুখ এসিডে ঝলসে গেছে। যৌতুক না পেয়ে চায়ের দোকানদার স্বামী জরিফুল ইসলাম গত মঙ্গলবার গভীর রাতে স্ত্রী বিলকিস বেগমের (২২) মুখে এসিড ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে। বিলকিসের দেড় মাস বয়সী যমজ সন্তান রয়েছে।এ ঘটনায় বিলকিসের চাচা আবদুল মালেক বাদী হয়ে গতকাল শনিবার কালীগঞ্জ থানায় জরিফুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। অন্য আসামিরা হলেন জরিফুলের বাবা আবদুল জলিল, মা মোমেনা খাতুন ও ভগ্নিপতি চাঁদ মিয়া। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রজিত কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামিরা ঘটনার পর থেকেই পলাতক। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে স্বামী জরিফুল ঘুমন্ত অবস্থায় বিলকিস বেগমের মুখে এসিড ছুড়ে মারেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শাশুড়ি মোমেনা বেগম ছাড়া বাড়ির সবাই পালিয়ে যান। গুরুতর অসুস্থ অবস্থায় বিলকিসকে তাঁর চাচা আবদুল মালেক বুধবার সকালে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার উন্নতি না হলে তাঁকে গতকাল শনিবার লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের চিকিৎসকেরা একই দিন সন্ধ্যায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, বিলকিসের কপালের পুরো অংশ, বাম কান, ডান হাতের ওপরের দিক এবং ঘাড়ের পুরো অংশ পুড়ে গেছে।বিলকিস প্রথম আলোকে বলেন, ‘আমি যৌতুকের টাকা আনি দিবার পারব না কইলে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আমাকে মাঝেমধ্যেই মারধর করত।’ তিনি বলেন, ‘আমি আমার স্বামী ও শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকদের বিচার চাই।’এ ব্যাপারে ব্র্যাক সামাজিক উন্নয়ন কর্মসূচির কর্মকর্তা মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, বিলকিসের চিকিৎসা ও আইনি সহায়তা ব্র্যাক বহন করবে বলে সিদ্ধান্ত হয়েছে।