লালমনিরহাটে স্ত্রীর মামলায় এপিপি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করার মামলায় লালমনিরহাট জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আহসান হাবিব ওরফে সবুজকে কারাগারে পাঠানো হয়েছে। কালীগঞ্জের বিচারিক হাকিম আমলি আদালতের বিচারক আফাজ উদ্দিন গতকাল মঙ্গলবার বিকেলে ওই রায় দেন।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানা-পুলিশ আহসান হাবিবকে তাঁর নিজ বাড়ি কালীগঞ্জ উপজেলার চাপারহাট থেকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানা-পুলিশ, মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, আহসান হাবিবের সঙ্গে একই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ফারহানা আক্তারের ১৮ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আহসান হাবিব যৌতুকের জন্য ফারহানাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তাঁদের সংসারে ১৫ বছর বয়সের একটি ছেলে রয়েছে। অতিসম্প্রতি ফারহানার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। একপর্যায়ে গত সোমবার ফারহানা বাদী হয়ে আহসান হাবিবের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট করে আহত করার অভিযোগে একটি মামলা করেন।

প্রসঙ্গত, গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় নারী অধিকার সংগঠক ফেরদৌসী বেগম এপিপি আহসান হাবিবের বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার বিষয়টি তুলে ধরেন। ওই সভায় উপস্থিত জেলা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, যেহেতু ওই ঘটনায় মামলা হয়েছে, তাই অভিযুক্ত বা আসামি যে-ই হোক না কেন বা যে পদের মানুষ হোন না কেন, তাঁর বিরুদ্ধে পুলিশ যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক লালমনিরহাটের একাধিক আইনজীবী বলেন, এর আগেও ওই আইনজীবীর স্ত্রী ফারহানা জেলা আইনজীবী সমিতির কাছে ঘটনার বর্ণনা দিয়ে বিচার প্রার্থনা করেছিলেন। সমিতির নেতারা বসে তাঁদের মধ্যে দু-একবার আপস-মীমাংসাও করেছিলেন। তবু আবারও ঘটনা পূর্বের মতোই ঘটতে থাকে। অবশেষে গত সোমবার কালীগঞ্জ থানায় মামলা করেন ফারহানা।

ফারহানার সঙ্গে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে কথা হলে তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করার কথা স্বীকার করে বলেন, ‘আমার মানসিক অবস্থা বর্তমানে ভালো নেই। আপনি পরে যোগাযোগ করিয়েন।’

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাশেদ বলেন, এপিপি আহসান হাবিবের বিরুদ্ধে তাঁর স্ত্রী যৌতুকের দাবিতে মারধর করে আহত করার অভিযোগে মামলা করেন। পরে তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।