লালমনিরহাটে স্থানীয়দের হামলায় পল্লী বিদ্যুতের লাইনম্যান আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় লোকজনের হামলায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের কর্তব্যরত লাইনম্যান ইউসুফ হোসেন (২৮) আহত হয়েছেন। তারাবির নামাজের সময় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গত শুক্রবার রাতে স্থানীয় লোকজন ওই হামলা চালান।
এ ঘটনায় পল্লী বিদ্যুৎ বিভাগের লাইন টেকনিশিয়ান রজ্জব আলী (৩৭) শুক্রবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই লিখিত এজাহার সূত্রে জানা গেছে, সরকারি কাজের স্বার্থে ও বিদ্যুৎ-সংকটের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাত নয়টা থেকে আধা ঘণ্টার জন্য লোডশেডিং দেওয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে বড়বাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের ভেটকিপাড়ার ৪০-৫০ জন লোক লাঠিসোঁটা নিয়ে বড়বাড়ী পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এ সময় তাঁরা কর্তব্যরত লাইনম্যান ইউসুফ হোসেনকে গালাগালির একপর্যায়ে চড়-থাপ্পড় মারেন ও লাঠি দিয়ে আঘাত করেন। ঘটনা বুঝতে পেরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তাঁরা বিদ্যুৎ উপকেন্দ্রের গার্ডরুমের দরজা, আসবাবপত্র, অফিসের ফোনসেট ভাঙচুর করে আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি করেন। পরে পল্লী বিদ্যুতের লোকজন তাঁকে উদ্ধার করে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে আনেন। ইউসুফ আলী সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির লালমনিরহাট আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার মাহাবুবে মো. গাউছেল আযম (৩৮) বলেন, ওই হামলার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ও এসআই মাহমুদুন নবী বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাটের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, তারাবির নামাজের সময় লোডশেডিং না দিয়ে অন্য সময় লোডশেডিং দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। কিন্তু বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা করে ক্ষতি ও কর্তব্যরত লাইনম্যানকে আহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।