লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় খাদ্য কর্মকর্তা নিহত
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার নামড়ী মদনপুরে গত বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় লালমনিরহাট সদর উপজেলা খাদ্য পরিদর্শক হামিদুল হক মণ্ডল (৫৫) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তাঁর ছেলে খোকন মণ্ডল (৩০) গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদিতমারী থানা সূত্রে জানা যায়, বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা ওই খাদ্য কর্মকর্তাকে বহনকারী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গেলে তাতে আগুন লেগে যায়। এলাকার লোকজন দ্রুত ছুটে এসে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল আরোহী হামিদুল হক মণ্ডল ও তাঁর ছেলে খোকন মণ্ডলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হামিদুল হক মণ্ডল মারা যান। খোকন মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় বংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। আদিতমারী থানার পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আদিতমারী থানার ওসি মাহফুজার রহমান জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।