লালমনিরহাটে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে এক হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ রায় ঘোষণা করেন।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ছয়আনি পিত্তিফাটা গ্রামের আবু সামা (৫০), রহম আলী (৪৮), জমের আলী (৪৫) এবং একই উপজেলার নিজশেখ সুন্দর গ্রামের মো. রফিক (৪২), ফজর আলী (৪০) ও আবদুল মোতালেব (৩৮)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

এ মামলার দুই আসামি আবুল কাশেম (৫৮) ও শুকুর আলী (৫৫) মামলা চলাকালে মারা যান। এ ছাড়া অভিযুক্ত আরও দুজন কুলসুম বেগম (৪০) ও আলেয়া বেগমকে (৩৫) বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২২ ডিসেম্বর প্রতিপক্ষের হামলায় মারা যান ছয়আনি পিত্তিফাটা গ্রামের যুবক রাশেদুল ইসলাম (২৪)। ২৫ ডিসেম্বর রাশেদুলের বাবা মতিয়ার রহমান বাদী হয়ে হাতীবান্ধা থানায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল শফি ২০০৬ সালের ১৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আজ আদালত এ রায় দিলেন।