লালমনিরহাটে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হাতীবান্ধা উপজেলার ছয়আনি পিত্তিফাটা গ্রামের আবু সামা (৫০), রহম আলী (৪৮), জমের আলী (৪৫); একই উপজেলার নিজশেখ সুন্দর গ্রামের রফিক (৪২), ফজর আলী (৪০) ও মোতালেব (৩৮)। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ব্যক্তিরা আদালতে উপস্থিত ছিলেন।
এই মামলার দুই আসামি আবুল কাশেম (৫৮) ও শুকুর আলী (৫৫) মামলা চলাকালে মারা যান। মামলার অন্য দুই আসামি কুলসুম বেগম (৪০) ও আলেয়া বেগমের (৩৫) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২২ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় হাতীবান্ধার ছয়আনি পিত্তিফাটা গ্রামে নিজ জমিতে মতিয়ার রহমান ভুট্টা চাষ করতে যান। এ সময় প্রতিপক্ষের হামলায় তাঁর ছেলে রাশেদুল ইসলাম (২৪) গুরুতর আহত হন। তাঁকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাত সাড়ে নয়টায় রাশেদুল মারা যান। এ ঘটনায় মতিয়ার বাদী হয়ে ২৫ ডিসেম্বর হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়ের করেন।
হাতীবান্ধা থানার উপপরিদর্শক ইকবাল শফি ২০০৬ সালের ১৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর গতকাল আদালত ওই রায় দেন।