লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পরশ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল শনিবার শহরে অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এদিকে মেহেদী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জেলা ছাত্রদলের ডাকা এ হরতাল চলাকালে শহরের বেশির ভাগ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলেনি।হরতালের সমর্থনে বিএনপি, যুবদল ও ছাত্রদল শহরে পৃথক মিছিল বের করে। মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হরতাল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।ভোর ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হরতাল পালনের পর বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের মিশন মোড় চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশ চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও নিহত হওয়া মেহেদীর বড় ভাই সাংবাদিক মোফাখখারুল ইসলাম। এদিকে মেহেদীর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার শহর থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, পৌর এলাকার উচাটারী গ্রামের সানোয়ার হোসেন (২৫), পূর্ব থানাপাড়ার আপিয়ার হোসেন (২৬) ও সাপটানা বাজারের লিচু বাগানের মো. বাবলু মিয়া (২৭)।