লালমনিরহাটে হরতাল-সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবার লালমনিরহাট শহরে হরতাল-সমর্থক ও হরতালবিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা একটার দিকে লালমনিরহাট সরকারি কলেজ বাজার এলাকায় হরতাল-সমর্থক ও বিরোধীদের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালমনিরহাট জেলা শহরের সাপটানা বাজার এবং কলেজ বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দেন হরতাল সমর্থকেরা।
এ দিকে হরতাল-সমর্থকেরা শহরের কলেজ বাজারে একটি দোকান এবং সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের মোস্তফীরহাট বাজারে চারটি দোকান ভাঙচুর করেন। হরতাল চলাকালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে র্যাব, পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।