লালমনিরহাটে দ্রুত বিচার আইনে দায়ের করা ১১টি মামলায় বিএনপির ১৯৩ নেতা-কর্মীর মধ্যে ১৭৩ জনকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। এদিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে ১৭৩ আসামির সবাইকে মুক্তি না দিলে জেলায় লাগাতার হরতালের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। জানা গেছে, গত দুই মাসে জেলার আদিতমারী, কালীগঞ্জ ও সদর উপজেলায় রাজনৈতিক কর্মসূচি পালন, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা করা হয়। তিনটি উপজেলায় দ্রুত বিচার আইনে করা ১১টি মামলার আসামি বিএনপির ১৯৩ জন নেতা-কর্মী গতকাল বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহেদুল হকের আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিন ঘণ্টা শুনানির পর আদালত ২০ জনকে জামিন দিয়ে ১৭৩ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আদালতের রায়ের প্রতিবাদে শহরের মিশন মোড়ে তাৎক্ষণিক সমাবেশ করে বিএনপি। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব বলেন, এই সরকারের আমলেই বিকাশের মতো দেশের শীর্ষ সন্ত্রাসীকে জামিন দেওয়া হয়েছে। অথচ অন্যায়ভাবে বিএনপির নেতাদের কারাগারে পাঠানো হচ্ছে।