লালমনিরহাটে ১৮৫টি শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আওতাধীন পাঁচটি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ১৮৫টি শিক্ষকের (৫৬টি প্রধান শিক্ষক ও ১২৯টি সহকারী শিক্ষক) পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, জেলার পাঁচটি উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ২৩টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৮ জন। পাঁচটি পদ শূন্য রয়েছে। এর মধ্যে আদিতমারীতে একটি, হাতীবান্ধায় একটি ও পাটগ্রামে তিনটি পদ শূন্য রয়েছে। এ জেলার পাঁচটি উপজেলার ৩০৬টি প্রধান শিক্ষকের পদের বিপরীতে ২৫০ জন কর্মরত রয়েছেন। শূন্য পদের সংখ্যা ৫৬টি। এর মধ্যে সদর উপজেলায় ১৩টি, আদিতমারীতে ১৪টি, কালীগঞ্জে ৯টি, হাতীবান্ধায় ৬টি ও পাটগ্রামে ১৪টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ জেলায় ১ হাজার ৬৬৭টি সহকারী শিক্ষকের স্থলে কর্মরত আছেন ১ হাজার ৫৪৭ জন। শূন্য পদের সংখ্যা ১২০টি। এর মধ্যে সদর উপজেলায় ৩৬টি, আদিতমারীতে ৭টি, কালীগঞ্জে ২০টি, হাতীবান্ধায় ৩১টি ও পাটগ্রামে ২৬টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া এ জেলায় দ্বিতীয় পর্যায়ের প্রাক-প্রাথমিক স্তরের ৩০২টি সহকারী শিক্ষকের পদের বিপরীতে কর্মরত আছেন ২৯৩ জন। শূন্য পদের সংখ্যা নয়টি। এর মধ্যে সদর উপজেলায় তিনটি, আদিতমারীতে একটি, কালীগঞ্জে দুটি, হাতীবান্ধায় একটি ও পাটগ্রামে দুটি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, শূন্য এসব পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন মহলে লিখিতভাবে জানানো হয়েছে।