লালমনিরহাটে ২৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ২৪ জওয়ানের বিরুদ্ধে গতকাল রোববার অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৬ জন দোষ স্বীকার করেন। এদিকে রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ২৩ সদস্যের বিরুদ্ধে বিচার গতকাল শুরু হয়েছে। বিডিআরের রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ গতকাল এ বিচার শুরু হয়।৩১ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ। তাঁকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়, লে. কর্নেল মো. মাহফুজ আলম এবং মেজর দীদার আল-লতিফ। কৌঁসুলির দায়িত্ব পালন করেন লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসলাম হোসেন। তাঁকে সহযোগিতা করেন বিশেষ কৌঁসুলি মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় কৌঁসুলি লে. কর্নেল মো. আসলাম হোসেন ২৪ আসামির মধ্যে তিনজনকে বিদ্রোহের মূল উদ্যোক্তা, ১৭ জনকে সহায়তাকারী ও তিনজনকে অস্ত্রাগারের (কোত) তালা ভাঙার জন্য অভিযুক্ত করেন এবং দুজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা করে বিদ্রোহে অংশ নেওয়ার অভিযোগ আনেন।এই অভিযোগের ভিত্তিতে গতকাল ২৪ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর পর অভিযোগ পড়ে শোনালে ১৬ জন নিজেদের দোষ স্বীকার করেন এবং আটজন নির্দোষ দাবি করেন। এর পর আদালত আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের জের ধরে ২৬ ফেব্রুয়ারি লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিডিআরের ২৪ জন সদস্যকে আসামি করে ওই ব্যাটালিয়নের জেসিও সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। বিশেষ আদালত-১৫-এ সভাপতিত্ব করেন বিডিআরের চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল জাহেদুর রহমান। সদস্য ছিলেন লে. কর্নেল আবদুন নূর, মেজর গোলাম মোস্তফা আল মামুন ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ইজাহারুল হক আকন্দ।সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে ২৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদী ১৮ ব্যাটালিয়নের নায়েব সুবেদার সৈয়দ সাদত লোহানী। তিনি আসামিদের বিরুদ্ধে পিলখানা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি, বেআইনি আদেশ/নির্দেশ প্রদান, দরজার তালা ভেঙে গোলাগুলি নেওয়া ইত্যাদি অভিযোগ উত্থাপন করেন।এরপর কৌঁসুলি লে. কর্নেল মো. মেহেদী হাসান একই অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ আমলে নিয়ে আদালতের সভাপতি ২৩ আসামিকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়ে আজ সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। আসামিদের ১৩ জন রাষ্ট্রদ্রোহ মামলায় বর্তমানে রাঙামাটি জেলা কারাগারে আটক রয়েছেন এবং অপর ১০ জন ইউনিটে আছেন। তাঁদের আজ সোমবার সকাল ১০টার পর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।