লালমনিরহাটে ৯ পরীক্ষার্থীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে গত শুক্রবার প্রাক্-প্রাথমিক স্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল করার দায়ে নয়জন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও ৩৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, লালমনিরহাটে প্রাক্-প্রাথমিক স্তরের সহকারী শিক্ষক পদে ১০ হাজার ৪৪৮ জন পরীক্ষায় অংশ নেন। জেলার ২২টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তারা এসব কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নবেজ উদ্দিন সরকার বলেন, কয়েকজন পরীক্ষার্থী লুকিয়ে মুঠোফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসেন। বেলা ১১টার পর খুদে বার্তার মাধ্যমে তাঁরা প্রশ্নের উত্তর আনা-নেওয়া করতে থাকেন। বিষয়টি বুঝতে পারা মাত্রই তাঁদের চিহ্নিত করে আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে। এ সময় আট পরীক্ষার্থীকে এক মাস ও অপর এক পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া পরীক্ষায় আইন অমান্য করায় চার শিক্ষক ও তিন পরীক্ষার্থীকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আরও ৩৫ জন পরীক্ষার্থীকে পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ কেন্দ্র থেকে বহিষ্কার করে।
লালমনিরহাটের এডিসি (জেনারেল) রেজাউল আলম সরকার বলেন, জেলা প্রশাসন, পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ এবং প্রাথমিক শিক্ষা বিভাগের তৎপরতার কারণে এসব বেআইনি কাজ শনাক্ত করা গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহাফুজুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত নয়জন পরীক্ষার্থীকে শুক্রবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।