লালমনিরহাটের উন্নয়নে ১২ দফা দাবির প্রচারপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১২ দফা দাবিসংবলিত প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদ নামের একটি সংগঠনের উদ্যোগে এসব প্রচারপত্র বিতরণ চলছে।

প্রচারপত্রের দাবির মধ্যে রয়েছে, ব্রিটিশ আমলে স্থাপিত ও বর্তমানে অব্যবহৃত লালমনিরহাট বিমান–বন্দরকে আবার চালু করে ঢাকা-লালমনিরহাট-বাগডোগড়া (ভারতের শিলিগুড়ি)-থিম্পু (ভুটান)-কাঠমান্ডু (নেপাল) বিমানসেবা সম্প্রসারণ করা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বগুড়া-সিরাজগঞ্জ ৬০ কিলোমিটার রেলপথ নির্মাণ দ্রুত বাস্তবায়ন, চার দেশীয় (বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান) পণ্য পরিবহনের স্বার্থে এবং লালমনিরহাটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের জন্য মোগলহাটের পরিত্যক্ত রেলপথ ও রেলস্টেশন চালু করা, পাশাপাশি সড়ক যোগাযোগ স্থাপনের মাধ্যমে মোগলহাটে স্থলবন্দর স্থাপন করা।

প্রচারপত্রে আরও উল্লেখ করা হয়, লালমনিরহাটকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার জন্য সেনাবাহিনীর গৃহীত ও প্রস্তাবিত ‘এডুকেশন ভিলেজ’ দ্রুত বাস্তবায়ন করতে হবে, শহর-সংলগ্ন তেলিপাড়া মৌজাভুক্ত সরকারের শিক্ষা বিভাগের পরিত্যক্ত ২২ একর জমিতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত ১০০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে লালমনিরহাট বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত ও অব্যবহৃত জমিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে হবে। তিস্তা ব্যারাজ দোয়ানী থেকে তিস্তা রেলব্রিজ পর্যন্ত যেখানে যেখানে প্রয়োজন নদীশাসন ও পানি সংরক্ষণ করে দুই পাড়ে রাস্তা নির্মাণ করতে হবে, উন্নত যোগাযোগব্যবস্থার জন্য বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত প্রস্তাবিত আন্তনগর এক্সপ্রেস ট্রেন দ্রুত চালু করতে হবে।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ও লালমনিরহাট সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য সুপেন্দ্র নাথ দত্ত প্রথম আলোকে বলেন, ‘সার্বিক বিবেচনায় লালমনিরহাট সম্ভাবনাময় জেলা ও শহর। কিন্তু তা সত্ত্বেও অনেক দিক থেকে ​এ জেলা পিছিয়ে আছে। আমাদের ১২টি দাবি বাস্তবায়ন করা সম্ভব হলে লালমনিরহাটের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে জনমত গঠন ও সচেতনতা সৃষ্টির জন্য প্রচারপত্রটি প্রস্তুত ও বিতরণ করছি।’