লালমনিরহাটের কলেজছাত্র মোজাহারুলের দুটি কিডনিই অকেজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজছাত্র মোজাহারুল ইসলাম
কলেজছাত্র মোজাহারুল ইসলাম

‘আমি বাঁচতে চাই, এই বয়সে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না’—মোজাহারুলের কণ্ঠে আকুলতা। বয়স মাত্র ১৯। দুটি কিডনিই অকেজো হয়ে পড়ায় তাঁর শরীর দ্রুত খারাপ হচ্ছে। কিডনি প্রতিস্থাপনের কোনো ব্যবস্থা করতে না পেরে পরিবারটিতে নেমে এসেছে হতাশা।

লালমনিরহাটের কালীগঞ্জের শ্রুতিধর গ্রামের মমেদ আলীর ছেলে কলেজছাত্র মোজাহারুল ইসলামের দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। দ্রুত অন্তত একটি কিডনি প্রতিস্থাপনের তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য কোনোভাবেই অর্থ জোগাড় করতে পারছেন না মোজাহারুলের দরিদ্র পরিবারের সদস্যরা।

কালীগঞ্জ কেইউপি ডিগ্রি কলেজ থেকে চলতি বছর অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন মোজাহারুল ইসলাম। পরীক্ষা শেষ হতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা ভেবেছিলেন চিকিৎসা করালেই সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসকের কাছে নেওয়ার পর তাঁরা জানতে পারেন যে মোজাহারুলের দুটি কিডনিই অকেজো। এটা জানার পর পুরো পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলায় মেডিসিন ওয়ার্ডের ৩ নম্বর বেডে চিকিৎসাধীন মোজাহারুল ইসলাম। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোবাশ্বের আলম সুজার অধীনে তাঁর চিকিৎসা চলছে। মোজাহারুলের আশা ছিল, উচ্চমাধ্যমিক পাস করে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। কিন্তু এখন তাঁর বেঁচে থাকাই হুমকির মুখে। সুস্থ হওয়ার আকুলতা জানিয়ে মোজাহারুল বলেন, ‘আমি বাঁচতে চাই। এই বয়সে এই সুন্দর পৃথিবী থেকে চলে যেতে চাই না। আমি বেঁচে থেকে লেখাপড়া শিখে পরিবারের পাশে দাঁড়াতে চাই। যে বিপদে পড়েছি, জানি না এই ইচ্ছা পূরণ ছাড়াই আমি চিরতরে হারিয়ে যাব কি না।’

পারিবারিক সূত্রে জানা যায়, মোজাহারুলের বাবা একজন প্রান্তিক কৃষক। সামান্য যেটুকু জমিজমা আছে, তা চাষাবাদ করেই কোনো রকমে টেনেটুনে সংসার চলে। ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম মোজাহারুল। তাঁর দুটি কিডনি অকেজো হয়েছে জানার পর থেকে এই পরিবারটির দুশ্চিন্তার শেষ নেই। এরপরও অনেক কষ্টে ধারদেনা করে, আত্মীয়স্বজনের সহযোগিতায় মোজাহারুলকে প্রথমে রংপুরে এবং গত মে মাসে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকজন। এ জন্য ১ লাখ ৩০ হাজার টাকা খরচ হয়েছে। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মোজাহারুলকে বাঁচাতে চাইলে যত দ্রুত সম্ভব অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিডনি ছাড়া শুধু প্রতিস্থাপনেই দরকার হবে প্রায় আট লাখ টাকা।

এ অবস্থায় মোজাহারুলকে একটি কিডনি দিতে চান তাঁর বড় বোন আয়শা খাতুন (২১)। সে ক্ষেত্রে তাঁর কিডনি মোজাহারুলের সঙ্গে মিলেছে কি না, জানতে চাইলে তিনি জানান, এ নিয়ে মেডিকেল পরীক্ষা হয়নি। তবে দুজনের রক্তের গ্রুপ বি পজিটিভ হওয়ায় তাঁর কিডনি মিলবে বলে তিনি আশাবাদী।
আয়শা বলেন, ‘ভাইয়ের জীবন রক্ষায় নিজের একটি কিডনি দিতে চাই। আমাদের তো আর টাকাপয়সা নেই, যেটা আছে তা শরীরের অঙ্গ (কিডনি), সেটাই দিতে চাই। কিন্তু এই কিডনি ভাইয়ের শরীরে প্রতিস্থাপনের টাকাই তো নেই। তাহলে টাকার অভাবে ভাই কি বাঁচবে না? কেউ কি ভাইয়ের পাশে দাঁড়াবে না?’

মোজাহারুলের বাবা মমেদ আলী বলেন, ‘আমার মেয়ে আয়শা তার ভাইকে বাঁচাতে কিডনি দিতে চায়। কিন্তু মোজাহারুলকে আবার ভারতে নিয়ে সেই কিডনি প্রতিস্থাপনের খরচের টাকা কোথায় পাব? তাহলে টাকার অভাবে আমাদের সবার চোখের সামনে কি ছেলেটা এভাবে ধুঁকে ধুঁকে মারা যাবে?’

কলেজছাত্র মোজাহারুল ইসলামকে সাহায্য পাঠানো যাবে বিকাশে নম্বর : ০১৭৩৭-৯৯৭৮৯৩ এবং লালমনিরহাটের কালীগঞ্জ শাখার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৯১৭৫ সঞ্চয়ী হিসাব নম্বরে।