লালমনিরহাটের ছিটমহলে মিষ্টি বিতরণ
ভারতের রাজ্যসভায় স্থলসীমান্ত চুক্তির অনুমোদনের খবরে লালমনিরহাটের বিভিন্ন ছিটমহলের বাসিন্দারা আনন্দ-উল্লাসে মেতেছেন। এ চুক্তিকে তাঁরা নাগরিক সুবিধা পাওয়া এবং আত্মপরিচয়ের সুযোগ মনে করছেন। এ ছাড়া ছিটমহলগুলোতে মিষ্টিও বিতরণ করেছেন সেখানকার বাসিন্দারা।
আজ বুধবার রাজ্যসভায় স্থলসীমান্ত চুক্তি অনুমোদন হয়েছে। ৬৮ বছর পর প্রায় বন্দীদশা থেকে মুক্তি পেয়ে আনন্দের শেষ নেই ছিটমহলগুলোতে। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে পরিচয়হীন জীবনযাপন করে আসছিলেন তাঁরা।
আজ বাংলাদেশে অবস্থিত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারীর ভারতীয় ছিটমহলের বাসিন্দা সিরাজুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা এবার বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় পাব। আমাদের ছেলেমেয়েরাও লেখাপড়া শিখতে পারবে।’
লালমনিরহাট সদর উপজেলার বাশপচাইয় ছিটমহলের বাসিন্দা আব্দুল গফুর বলেন, ‘বাংলাদেশের মানুষ ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করে। আমরা তাদের সঙ্গে মিলেমিশে আছি, কিন্তু আমরা ওই দিন বিজয় দিবস পালন করতে পারি না। এখন বাংলাদেশি হিসেবে বিজয় দিবস পালন করতে পারব আমরা।’ তিনি বলেন, ‘এ খবর শোনার পর আমরা নিজেরা মিষ্টি খেয়েছি, অন্যদের খাইয়েছি।’
এর আগে গত ৩১ মার্চ ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের দহগ্রাম-আঙ্গোরপোতা ছিটমহল পরিদর্শন শেষে বলেছিলেন, ছিটমহল বিনিময় চুক্তি দীর্ঘদিনের দাবি। তিনি ওই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে বলে জানান।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মঈনুল হক বলেন, ‘আমরা ছিটমহলবাসী দীর্ঘ ৬৮ বছর বন্দী ছিলাম। বিলটি পাস হওয়ার ফলে ছিটমহলবাসীর বহু প্রতীক্ষিত দাবি পূরণ হতে যাচ্ছে।’