লালমনিরহাটের সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের সাবেক সিভিল সার্জন মো. আবদুস ছোবহান এবং তাঁর কার্যালয়ের হিসাবরক্ষক আবদুল্লাহেল হাফিজের বিরুদ্ধে করা ঘুষের মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।জানা গেছে, ৫ মে জেলার মুখ্য বিচারিক হাকিম আবুল মনসুর মো. জিয়াউল হকের আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের রংপুর কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে বলা হয়েছে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক গুদামরক্ষক জসিম উদ্দিনের যৌথ বীমা ও কল্যাণ তহবিলের টাকা তোলার জন্য তাঁর ছেলে আসাদুজ্জামানের কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিরা আড়াই হাজার টাকা ঘুষ নেন। পরে তাঁরা আরও পাঁচ হাজার টাকা দাবি করলে আসাদুজ্জামান ওই টাকা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে দিতে রাজি হন। আসাদুজ্জামান বিষয়টি দুদককে জানালে দুদক ও র‌্যাব সদস্যরা ফাঁদ পাতেন। গত ২৪ জানুয়ারি আসাদুজ্জামানের কাছ থেকে ঘুষ নেওয়ার পর পরই আসামিদের হাতেনাতে ধরা হয়।এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক মো. খায়রুল হুদা তাঁদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় ওই দিনই মামলা করেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন। এ ঘটনার পর মো. আবদুস ছোবহানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। আর হিসাবরক্ষক আবদুল্লাহেল হাফিজকে সাময়িক বরখাস্ত করা হয়।