লালমনিরহাটের সীমান্তে যুবক নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি সীমান্তে এক যুবককে আটকের পর ক্যাম্পে নিয়ে নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার কয়েকটি জাতীয় পত্রিকায় ওই যুবককে নির্যাতন-সংক্রান্ত খবরের প্রতিবাদ জানিয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলন করেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন।প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে রুহুল আমিন বলেন, বিজিবির চলমান মাদকবিরোধী অভিযান বিঘ্নিত করতে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। তিনি বলেন, লালমনিরহাটের বড় বড় মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। এ বছরের জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৬০ লাখ টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ওই সীমান্তে ২২ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় গত ২৫ মে আট গ্রামবাসীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এনে বিজিবির পক্ষ থেকে হাতীবান্ধা থানায় একটি মামলা করা হয়। ওই মামলার ৪ নম্বর আসামি গেন্দুকুড়ি গ্রামের মনছের আলীর পুত্র ওবায়দুল। তিনি গত রোববার সকালে গেন্দুকুড়ি ক্যাম্পের কাছে নিজ জমিতে কাজ করতে গেলে বিজিবি সদস্যরা তাঁকে দেখতে পেয়ে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। এদিকে ওবায়দুলের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আটকের পর তাঁকে বিজিবির ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হয়। পরে চিকিৎসার জন্য হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসার কথা বলে বিজিবি পুলিশে সোপর্দ করে। পুলিশ তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে বিজিবির ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাটে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। ওবায়দুলের মা রহিমা বেগম ও স্ত্রী নুর নাহার বলেন, বিজিবি ওবায়দুলকে আটক করে ক্যাম্পে নিয়ে মারপিট করে পুলিশের হাতে তুলে দেয়।এ ব্যাপারে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ওবায়দুলকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকের মামলা থাকায় তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিজিবির গেন্দুকুড়ি ক্যাম্পের ইনচার্জ আলমগীর হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খান মোহামঞ্চদ সালাহ্ উদ্দিন বলেন, মাদক মামলার আসামি ওবায়দুলকে আটকের পর বিজিবির ক্যাম্পে নির্যাতনের অভিযোগ সত্য নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজিবির কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।