লালমনিরহাটের হত্যা মামলার আসামি ৪ বিজিবি সদস্য জেলে
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের রাশেদুল হক (৩০) হত্যা মামলার আসামি বিজিবির চার সদস্যের জামিন নামঞ্জুর করে গত বৃহস্পতিবার তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে বৃহস্পতিবার ওই চার আসামিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করে বিজিবি।আসামিরা হলেন: লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত মোগলহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার মাহবুব, নায়েক মোহাম্মদ আলী, সিপাহি সোলেমুদ্দিন ও মো. আল-আমিন। মামলার অপর আসামি সাইদুর রহমান সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, সিআইডির অনুরোধে ব্যাটালিয়নে ক্লোজড থাকা রাশেদুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চার বিজিবি সদস্যকে বৃহস্পতিবার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।সূত্র জানায়, পরে ওই চার আসামিকে লালমনিরহাটের আমলি আদালত-১-এ নেওয়া হলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।লালমনিরহাট সিআইডি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, রাশেদুল হত্যা মামলাটি সিআইডি তদন্ত করছে। এ কারণে বিজিবি কর্তৃপক্ষ আসামিদের আদালতে সোপর্দ করতে সিআইডির কাছে হস্তান্তর করে।২০১০ সালের ১৮ আগস্ট গভীর রাতে মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের রাশেদুলকে বাড়িসংলগ্ন এলাকা থেকে ধরে নিয়ে যায় মোগলহাট বিজিবি ক্যাম্পের টহল দল। ঘটনার দুই দিন পর ২০ আগস্ট সকালে ধরলা নদী থেকে রাশেদুলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর রাশেদুলের বাবা আবদুল হক মোগলহাট বিজিবি ক্যাম্পের চার সদস্যসহ পাঁচজনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা করেন।