লালমনিরহাটের ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা, আদিতমারী ও সদর উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলায় ৪টি, আদিতমারী উপজেলায় ৪টি ও হাতীবান্ধা উপজেলায় ১১টি প্রাথমিক বিদ্যালয় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। গত মঙ্গলবার বিকেলে এই আদেশ জারি করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তর।

মঙ্গলবার থেকেপাঠদান বন্ধ থাকা বিদ্যালয়গুলো হলো হাতীবান্ধা উপজেলার কিসামত নোহালী প্রাথমিক বিদ্যালয়, ডাউয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম হলদীবাড়ী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হলদীবাড়ী প্রাথমিক বিদ্যালয়, পার শেখ মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়, সিন্দুর্ণা প্রাথমিক বিদ্যালয়, চর গড্ডিমারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর হলদিবাড়ী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। লালমনিরহাট সদর উপজেলার কালমাটি প্রাথমিক বিদ্যালয়, তাজপুর প্রাথমিক বিদ্যালয়, চরবুদারু কাশিয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়, মধুরাম প্রাথমিক বিদ্যালয়; আদিতমারী উপজেলার গোবর্দ্ধন প্রাথমিক বিদ্যালয়, গোবর্দ্ধন ইসমাইলপাড়া প্রাথমিক বিদ্যালয়, গোবর্দ্ধন চর প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুর পাড়া প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে চারটি বিদ্যালয়ের পাঠদান গত বৃহস্পতিবার শুরু করা হয়েছে। বিদ্যালয়গুলো হলো হাতিবান্ধা উপজেলার পশ্চিম হলদীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পূর্ব হলদীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর হলদিবাড়ী শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ সিন্দুর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দেয়। জেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়ে, এর মধ্যে ৪টি বিদ্যালয়ে পানি নেমে যাওয়ায় পাঠদান শুরু করা হয়েছে। তবে ১৫ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।