লালমাই পাহাড় ও গোমতীর তীর রক্ষার দাবি
প্রত্নসম্পদে ভরা লালমাই পাহাড় ও গোমতী নদীর তীর রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখা। সংগঠনটি পাহাড় ও নদীর তীর সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
বাপার জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বাপার জেলা সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল লালমাই পাহাড় ও গোমতী নদী পরিদর্শন করে। ওই সময়ে তারা দেখতে পায়, লালমাই পাহাড়ের বিভিন্ন এলাকায় অবাধে টিলা কাটা হচ্ছে। একই সঙ্গে পাহাড়ের মধ্যে জনবসতি বাড়ছে। ফলে লালমাই পাহাড়ের বনজ সম্পদ কমছে ও নানা প্রজাতির পশুপাখি হারিয়ে যাচ্ছে।
প্রতিনিধিদল আরও দেখে, পুরাতন গোমতী নদীর দুই পাড়ে একটু একটু করে ময়লা-আবর্জনা ফেলে দখল করা হচ্ছে। নদী দখল করে কেউ কেউ দোকানপাট দিয়েছেন। আর গোমতী নদীর নতুন অংশে মাটি কেটে সাবাড় করা হচ্ছে।