লালমাই পাহাড়ে মাটি কাটা বন্ধ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌধুরীখলায় লালমাই পাহাড় কাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত বুধবার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অনুরোধের পরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটা বন্ধ করে দেন। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পে মাটি সরবরাহের জন্য পাহাড় কাটার সিদ্ধান্ত বাতিলের সুপারিশ করেছে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর কাছে পাঠানো এক প্রতিবেদনে ওই সুপারিশ করা হয়।১৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম চার লেন কর্তৃপক্ষ কেবল চৌধুরীখলা পাহাড় নয়, আশপাশের আরও তিনটি পাহাড়ের ফসল নষ্ট করে মাটি কাটার আয়োজন করছিল। তাদের লোকজন পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংস করে কচুমুখী ও হলুদের গাছ উপড়ে ফেলে। বাসিন্দাদের বাড়ির মালামাল সরিয়ে হয়রানি করে। এ কারণে পাহাড়ি বাসিন্দারা আতঙ্কে আছে। এ ব্যাপারে এখনই ব্যবস্থা না নিলে পাহাড়টি ধ্বংস হয়ে যাবে। পাহাড় কাটার ফলে বিদ্যুতের লাইন হুমকিতে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।পরিবেশ আইন ও নীতিমালা অনুযায়ী পাহাড় কাটা নিষিদ্ধ হলেও ২০১০ সালের ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় পথ/ছাড়পত্র ৩০৪১/২০০৮/৫৮ নম্বর স্মারকের মাধ্যমে অনুমতি নিয়ে লালমাই পাহাড় কাটার মাটি নেওয়া শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঠিকাদার। এ নিয়ে গত বুধবার প্রথম আলোর শেষের পাতায় ‘পাহাড় কাটা হচ্ছে “অনুমতি” নিয়ে!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই দিন দুপুরে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা চৌধুরীখলা এলাকায় পাহাড় কাটার স্থান পরিদর্শন করেন।এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটা বন্ধ রাখতে প্রশাসনকে অনুরোধ জানাই। পাহাড় কাটার সিদ্ধান্ত বাতিলের সুপারিশ করে গতকাল ঢাকায় অধিদপ্তরের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।’যোগাযোগ করা হলে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘অনুমতির কাগজপত্রের দাগ নম্বরে ভুল থাকায় পাহাড় কাটা বন্ধ করে দিয়েছি।’