লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গতকাল ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন নাঙ্গলকোট উপজেলার করপাতি গ্রামের আলী আজম (৭০) ও তাঁর স্ত্রী ছামেনা বেগম (৬০) এবং নবীনগর উপজেলার টিয়ারা গ্রামের বেলাল মিয়া (৩০)।
কুমিল্লা-নোয়াখালী হাইওয়ে পুলিশের লালমাই পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান বলেন, গতকাল সকাল ৮টা ২০ মিনিটে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে নাঙ্গলকোটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা লালমাই এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আলী আজম ও তাঁর স্ত্রী ছামেনা বেগম। দুর্ঘটনায় অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশাচালক ও আরও তিন যাত্রী আহত হন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাস ফেলে চালক পালিয়ে যান। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ের খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার সুহিলপুরে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত থেকে আসা ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বেলাল মিয়া নিহত ও মো. সুহেল আহত হন। তাঁদের বাড়ি নবীনগর উপজেলার টিয়ারা গ্রামে।