লালমাইয়ে কাঁঠালের বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লালমাই পাহাড়ের টিলার চূড়া, ঢাল ও পাদদেশে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। পাহাড়ি এলাকা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ফায়ারিং স্কোয়াড, রতনপুর, জামমূড়া, মধ্যম বিজয়পুর, রাজারখলা, চৌধুরীখলা, লালমাই ও চণ্ডীমূড়া এলাকার যেদিকে যত দূর চোখ যায়, শুধু কাঁঠাল আর কাঁঠাল। মধুফল কাঁঠালের সুমিষ্ট গন্ধে ওই এলাকা এখন মৌ মৌ করছে। সুস্বাদু ওই কাঁঠাল বিক্রির ধুম পড়েছে পাহাড়ি অঞ্চলজুড়ে। সরেজমিনে দেখা গেছে, লালমাই পাহাড়ের উঁচু-নিচু প্রায় সব টিলাজুড়ে শুধু কাঁঠাল। গাছের মূলসংলগ্ন উপরিভাগ থেকেই কাঁঠাল ধরা শুরু, শেষ গাছের প্রায় আগা পর্যন্ত। এ রকম অবস্থা বহু গাছেই দেখা গেছে।বার্ডের সহকারী পরিচালক (ফার্ম) আবু তালেব বলেন, ‘লালমাই পাহাড়ের মাটি লাল। ওই লাল মাটিতে প্রচুর কাঁঠাল ধরে। এসব কাঁঠাল অতি সুস্বাদু এবং রসে ভরা। দোঁআশ এবং এঁটেল মাটির সংমিশ্রণে হওয়ায় এখানে কাঁঠাল বেশি হয়ে থাকে। গত বছরের তুলনায় এবার এক হাজার কাঁঠাল বেশি ধরেছে। এদিকে কুমিল্লার কোটবাড়ি, বিজয়পুর, চণ্ডীমূড়া ও লালমাই বাজারে প্রচুর কাঁঠাল উঠছে। প্রতিদিন বাজারগুলোতে কাঁঠাল বিকিকিনির জন্য ভিড় লক্ষ করা গেছে। ছোট আকারের কাঁঠালের দাম সর্বনিম্ন ৬০ থেকে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত। সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম জিলানী বলেন, ‘লালমাই পাহাড়ের কাঁঠাল বিক্রি করে বহু লোক স্বাবলম্বী হয়েছে। গ্রীষ্মের এ মৌসুমে কাঁঠাল বিক্রি শুরু হয়েছে, চলবে বর্ষা মৌসুমের শেষ পর্যন্ত। ঐতিহ্যের ধারক ও বাহক হচ্ছে লালমাই পাহাড়ের কাঁঠাল।’কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জাহান বলেন, ‘এ অঞ্চলের কাঁঠালের বেশ পরিচিতি রয়েছে। সুস্বাদু হওয়ায় এর কদরও বেশি। অন্য বারের মতো এবারও এখানে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে।’