লালমাইয়ে টিলা কর্তন, মাটি যাচ্ছে রেললাইনে

কুমিল্লার লালমাই পাহাড়ি এলাকায় আবারও টিলা কাটা হচ্ছে। প্রতিদিন শতাধিক ট্রাকে ভরে এই মাটি বিজয়পুর রেলসেতুর লাগোয়া এলাকায় স্তূপ করা হয়। পরে সেখান থেকে নবনির্মিত লাকসাম-আখাউড়া ডাবল রেললাইনে ফেলা হয়। আওয়ামী লীগের তিন নেতা টিলা কেটে মাটি বিক্রির এ ঘটনায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই নেতারা হলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, বারপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে টিলা কাটা হচ্ছে বলে এলাকাবাসীর দাবি।
সরেজমিনে দেখা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের মোস্তফা কামালের টিলার মাটি বিক্রি করছেন ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া। মোস্তফা কামালের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ধর্মপুর গ্রামের টিলার মাটি কেটে বিক্রি করছেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী ও বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম। ফরিদ মজুমদার নামে এক ব্যক্তির টিলা কেটে মাটি নেওয়া হচ্ছে। ওই মাটি বিজয়পুর রেলসেতু-সংলগ্ন বিজয়পুর ফিলিং স্টেশনের উল্টো দিকে রাখা হচ্ছে।
রেলওয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, প্রতিদিন ২০০ থেকে ২৫০ ট্রাক মাটি আনা হয়।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের তদারক কর্মকর্তা আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ১৬ এপ্রিল ১০৮ ট্রাক ও ১৭ এপ্রিল ৯৪ ট্রাক মাটি এসেছে। প্রতি ট্রাকে ২০০ ঘনফুট মাটি আসে। কোম্পানি মাটি কিনে নিচ্ছে রেললাইনের জন্য।
বড় ধর্মপুর গ্রামের আমির হোসেন বলেন, ৩১ মার্চ থেকে টিলার মাটি কাটা শুরু হয়েছে। আগে রাতের বেলায় মাটি নেওয়া হতো। এখন রাত-দিন সব সময় মাটি নেওয়া হয়।
সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী বলেন, ‘টিলা কাটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত না। অন্য কয়েকজন মিলে সেটা কাটছে।’
বারপাড়া ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, টিলা নয়, লালমাই পাহাড়ের সমতল ভূমি থেকে মাটি নেওয়া হচ্ছে। মোস্তফা কামালের টিলার মাটি বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলামের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স সেতু করপোরেশনের মাধ্যমে পাহাড় থেকে ওই মাটি বিজয়পুরে আনা হচ্ছে। তিনি বলেন, ‘আমি এখন রতনপুর কারখানার পেছন থেকে মাটি বিক্রি করছি। এগুলো জমির মাটি।’
মুঠোফোনে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক মো. ছামছুল আলম বলেন, ‘লালমাই পাহাড়ে মাটি কাটা হচ্ছে কি না, আমার জানা নেই। রেললাইনের জন্য মাটি নেওয়া হচ্ছে, তা-ও জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’