লালমাটিয়া ও আসাদ অ্যাভিনিউতে পথচারীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমাটিয়া ও আসাদ অ্যাভিনিউতে নর্দমা নির্মাণ ও সড়ক সংস্কারের কাজ চলছে। লালমাটিয়ায় কাটা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। আসাদ অ্যাভিনিউর কাজ শেষ হওয়ার আগেই থেমে গেছে।
লালমাটিয়ার এ-ব্লক থেকে বি-ব্লকের ৭/১এ পর্যন্ত নর্দমা নির্মাণসহ সড়ক উন্নয়নের কাজ চলছে। আড়ংয়ের সামনে থেকে এ সড়কে ঢুকতেই একটি সাইনবোর্ড টানানো। সেখানে কাজের সময়সীমা উল্লেখ আছে। শুরু হয়েছে এ বছরের পয়লা নভেম্বর। শেষ হবে পয়লা মার্চ ২০১৭। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে কাজটি হচ্ছে।
গত সোমবার ও শুক্রবার দেখা যায়, সড়কটিতে যান চলাচল একরকম বন্ধ। ইট, মাটি, বালির স্তূপ। তবে এর মধ্য দিয়েই মানুষ চলছে এবং গর্তের পাশ ঘেঁষে চলছে রিকশাসহ অনেক যান। নিরাপত্তার নির্দেশক কোনো কিছু নেই। বিভিন্ন ধরনের তার পড়ে আছে। একটু এদিক-ওদিক হলেই ঘটতে পারে দুর্ঘটনা। রিমা রহমান ছোট্ট মেয়েকে নিয়ে রিকশায় উঠছিলেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি। নেমে যান। তিনি বলেন, ‘চলাচলের জন্য একটু জায়গা রাখলে সুবিধা হতো। কষ্ট করে যেতে হয়।’ স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, যানবাহন চলাচল বন্ধ রাখা দরকার। নিরাপত্তার ব্যাপারে একটি নির্দেশিকা টানানোর কথাও বলেন।
আসাদ অ্যাভিনিউতে সড়ক সংস্কারের কাজ চলছে। কাজ প্রায় শেষের দিকে। সড়ক বিভাজকের জন্য সিমেন্টের স্লাবগুলো বিভাজকের পাশে সড়কেই পড়ে আছে। আসাদগেট থেকে আসাদ অ্যাভিনিউতে ঢোকার মুখের জায়গা এখনো সংস্কার হয়নি। সড়ক এবড়োখেবড়ো অবস্থায় পড়ে আছে। এখানে প্রচুর ধুলা। স্থানীয় বাসিন্দা আহসান উদ্দিন বলেন, ‘সপ্তাহ খানেকের বেশি হইছে কাজ বন্ধ। রাস্তার পাথরগুলা (সিমেন্টের স্লাব) ঠিক কইরা রাখলেই হয়।’
ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান প্রথম আলোকে বলেন, লালমাটিয়ায় সড়কে নিরাপত্তার বিষয়টি দেখবেন। এ ছাড়া আসাদ অ্যাভিনিউ নিয়ে বলেন, কাজ বন্ধ হয়নি। হয়তো সময় একটু সময় লাগছে। এ মাসের মধ্যেই পুরো কাজ শেষ হবে।