লালমাটিয়ার সেই বাড়িতে সুনসান নীরবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালমাটিয়ার এই বাড়ির চতুর্থ তলায় শুদ্ধস্বরের কার্যালয়   l ছবি: প্রথম আলো
রাজধানীর লালমাটিয়ার এই বাড়ির চতুর্থ তলায় শুদ্ধস্বরের কার্যালয় l ছবি: প্রথম আলো

রাজধানীর লালমাটিয়া সি ব্লকের ৮/১৩-এ নম্বর বাড়িটিতে সুনসান নীরবতা। সিঁড়িতে রক্তমাখা জুতার ছাপগুলো কিছুটা ঝাপসা হয়ে এসেছে। পাঁচতলা ভবনটির মালিক ধানমন্ডিতে থাকেন। বর্তমানে মাত্র তিনটি পরিবারের ফ্ল্যাট ছাড়া অন্য ফ্ল্যাটগুলোতে তালা দেওয়া। অন্য ফ্ল্যাটগুলো অফিস হিসেবে ভাড়া দেওয়া ছিল। নিচতলায় ইয়োগা এবং মেডিটেশন সেন্টারের দরজায় তালা লাগানো। কাগজে লেখা—বিশেষ কারণে বন্ধ। ৪ নভেম্বর খুলবে। এ বাড়িতেই দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক ও স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু।
গতকাল সোমবার দুপুরে বাড়িটিতে গিয়ে বাড়ির নীল রঙের মূল ফটকে কোনো প্রহরীর দেখা পাওয়া যায়নি। দরজা খুলে ভেতরে ঢুকে পুলিশ বা অন্যদেরও উপস্থিতি দেখা যায়নি। পাঁচতলা বাড়িটির চতুর্থ তলায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ের দরজায় ছোট একটি তালা লাগানো। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এ ফ্ল্যাটেই একটি বীভৎস ঘটনা ঘটেছে। বাড়িটির পঞ্চম তলার ছাদে দুটি পরিবার থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা জানালেন, ঘটনার সময় ধস্তাধস্তির শব্দ শুনেছেন। পরে ‘বাঁচাও’ বলে চিৎকার শুনেছেন। কিন্তু শহরে কে আর কার বিপদে এগিয়ে যাওয়ার সাহস পায়? তাই তিনি ও তাঁর পরিবারের কেউ সাহস করে নিচে নামতে পারেননি। রক্তাক্ত একজনকে পুলিশ যখন হাসপাতালে নিয়ে যায়, ছাদ থেকেই সে দৃশ্য দেখেছেন। ঘটনার পর বাড়িতে পুলিশ এসেছে। সাংবাদিক এসেছে। বড়দের মুখে বিভিন্ন কথা শুনতে শুনতে তাঁর মেয়েটি (ছয় বছর) অসুস্থ হয়ে পড়েছে। তবে চাইলেই তো আর বাসা পাল্টানো সম্ভব না। তাই এখানে রয়েছেন।
ছাদ থেকে নামার পথে এখানে বসবাসকারী আরেকজনের সঙ্গে দেখা হয়। তিনি স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বললেন, ঘটনার দিন তিনি বাড়ি ছিলেন না। তবে দিনদুপুরে এ ধরনের ঘটনা ঘটার পর থেকেই ‘গা ছমছম’ করছে।