লালমাটিয়ায় ১২টি ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালমাটিয়া এলাকায় শপিং ব্যাগভর্তি ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ককটেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বেলা সোয়া ১টার দিকে লালমাটিয়া এফ ব্লকের কুতুববাড়ির সামনের ডাস্টবিনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরণস্থলে একটি শপিং ব্যাগ পেয়ে সেটি উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে কালো ও লাল রঙের স্কচটেপ মোড়ানো ১২টি তাজা ককটেল পাওয়া যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, কে বা কারা ককটেলগুলো রেখে গেছে তা অনুসন্ধান করা হচ্ছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।